আয়ানের মজার ঘুম...
- জুয়েল আশরাফ
আয়ানের পড়াশোনা ভালো লাগে না। খেলতে ভালো লাগে না। তার ঘুম খুব প্রিয়। সে বাথরুমে ঘুমায়। টিভি দেখতে বসে ঘুমায়। খেতে বসে ঘুমায়। ঘুম থেকে উঠে দাঁতে ব্রাশ করতে করতে আবার ঘুমিয়ে পড়ে। তাকে দেখলে বোঝা যায়, ঘুম কত মজার! এখন স্কুল বন্ধ। পড়াশোনার ঝামেলা কম। তাই বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটায়। ছোট কাকু বলে- আয়ান, তুই এত ঘুমাস! স্কুল খুললে কী করবি তখন?
আয়ান ঘুম ঘুম চোখে বলে- কাকু, স্কুলটা কোথায়?
সর্বনাশ! রাতদিন ঘুমিয়ে স্কুল ভুলে গেছিস?
ঘুম আমার খুব ভালো লাগে কাকু।
আর কী ভালো লাগে?
বালিশে মাথা রাখতে ভালো লাগে।
গেমস খেলতে?
চোখ বুজে ঘুমাতে ভালো লাগে।
সাইকেল চালাতে?
হাত-পা ছড়িয়ে ঘুমাতে ভালো লাগে।
বাগান করতে?
বাতাসের নিচে ঘুমাতে ভালো লাগে।
শুধু তো ঘুমের কথা বলছিস। অন্য কী ভালো লাগে?
আয়ান হাসে। সোফায় কাকুর পাশে শরীর এলিয়ে দেয়। হাত দিয়ে চোখ দুটো ঢেকে রাখে।
কী রে, এখন কি আবার ঘুমাবি?
কাকু, জেগে থাকতে আমার একদম ভালো লাগে না।
গল্প শুনবি? ঘটাংঘটে মজার গল্প এসেছে।
গল্প শুনব না।
ভূতের গল্প শুনবি?
না।
ডাইনোসোরের গল্প?
না।
পরীর গল্প?
না।
লাল পিঁপড়ার ডিম?
না।
তাহলে কি ঘুমাবি?
হ্যাঁ।
ঘুমের গল্প শুনবি?
আয়ান হেসে বলে, শুনব।
কাকু বলল, ঘুমের গল্প বলতে হয় ঘুমিয়ে। আর শুনতেও হয় ঘুমিয়ে ঘুমিয়ে। আয় দুজনে ঘুমিয়ে গল্প বলি আর শুনি।
আয়ানের পাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ল কাকু। কাকু এখন গল্প বলবে না। কিন্তু ঘুমিয়ে যাওয়ার পর বলবে।
Jewel Ashraf more short stories- 👉 Aabasa-Choitrer dupure-Guljer mamer bosonto belash-Jamai bedai-Nargis kahon - Gadami


No comments:
Post a Comment
no spam