Bengali short story-guljer mamer bosonto belash



গুলজার মামার বসন্ত বিলাস
- জুয়েল আশরাফ

ইন্টারনেট যুগে গত বসন্তে সুইটির সাথে গুলজার মামার প্রেম হয়। কিন্তু গুলজার মামার ইন্টারনেটের অবস্থা ভয়ানক খারাপ। মোবাইলে ঠিকমত সিগন্যাল পায় না। আর তাই এই বসন্তের প্রারম্ভেই সুইটি মামাকে ছেড়ে চলে যায়। সুইটির বিয়ে হবার পর থেকে গুলজার মামার মাথা আউলা-ঝাউলা হয়ে গেল। এখন আর তিনি মানুষের কথা বুঝতে পারেন না। পশুপাখিদের ভাষা বুঝতে পারেন। তার ধারণা মানুষ তাকে বুঝতে সক্ষম নন, তাকে বুঝবে শুধু পশুপাখি। এবং পশুপাখিদের উন্নত আবেগ নিয়ে তিনি গল্পও লিখে ফেলেছেন। গল্পের বিষয়বস্তু- ইন্টারনেট সমস্যাজনিত কারণে প্রেমিকা প্রত্যাখান করল প্রেমিককে।
     পৃথিবী অবাক তাকিয়ে রইল। শিমুলের ডালে কোকিল বসা ছিল, তার চোখ ভরে জল এলো। সেই জল গড়িয়ে নিচে মাটিতে পড়ার আগেই প্রজাপতির ডানায় পড়ল টুপ করে। প্রজাপতি অবাক, বসন্তের কোকিল গান ছেড়ে কান্না কেন করছে আজ! প্রজাপতি ডানা ঝাপটে উড়ে গিয়ে মৌমাছিদের খবর দিল- আর ডানা ঝাপটে দেবার সাথে সাথেই কোকিলের চোখের সেই জল নিচে পড়ল, লাল পিঁপড়ের দলনেতার গায়ের ওপর। দলনেতা সবাইকে সাবধান করল, আজ পৃথিবীর কিছু হয়েছে!
     সমস্ত পশুপাখি এসে জড়ো হলো কোকিলের কাছে, তার কান্নার কারণ জানতে চাইল সবাই। কোকিল কাঁদ কাঁদ গলায় বলল, একজন মানুষের বাচ্চা আর একজন মানুষের বাচ্চাকে শুধুমাত্র ইন্টারনেট সমস্যাজনিত কারণে ভালবাসার মানুষকে ত্যাগ করেছে। এসো আজ আমরা প্রার্থনা করি... যেই যন্ত্র মানুষের ভালবাসাকে কাছে টানে আবার সেই যন্ত্রই মানুষের ভালবাসাকে দূরে ঠেলে দেয়, এমন যন্ত্র আল্লাহ যেন আমাদের পশুপাখি কীটপতঙ্গের সমাজে কখনই দান না করেন। আমাদের হৃদযন্ত্র আছে, এই যন্ত্র দিয়েই আমরা চিরকাল একে অপরকে ভালবেসে যাব...।

No comments:

Post a Comment

no spam

 

Copyright © 2016 - | World Books Collect | All Right Reserved| Design by MAS web| Mumbai, India| e-mail:- contact@masexim.in