ফার্স্ট বয় কর্নেল-শিশুতোষ


 ফার্স্ট বয় কর্নেল

     - জুবায়ের দুখু

কিছুদিন আগে একটা গল্পের বই পড়লাম  এক ডজন ভূত। বইতে যে ছেলেটি মূল চরিত্র তার সঙ্গে আমার হুবহু মিল আছে। বইয়ে ছেলেটির একবার শ্রেণিকক্ষে সবার সামনে নিজেকে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন বলেছিল, সেই যে সেই থেকে শুরু সব বন্ধুবান্ধব তাকে প্রেসিডেন্ট বলে ডাকতে শুরু করে। তার তো আর পরিবার ভিত্তিক নাম প্রেসিডেন্ট ছিল না। তার স্বপ্ন ছিল প্রেসিডেন্ট হওয়ার, কিন্তু আমার তো কর্নেল হওয়ার কোনো ইচ্ছা নেই কিংবা আমি কোনো কর্নেল পুত্রও না তবু সবাই আমাকে  কর্নেল ডাকে। আসলে বাবার চাচাতো ভাই, মানে আমার আকরাম চাচ্চু উনিই সব নষ্টের গোড়া। কেন যে আমার নামটা কর্নেল রাখলেন বুঝেই আসে না। আকরাম চাচ্চুর সাতপুরুষ মানে আমার সাতপুরুষের কেউ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমানবাহিনীর কর্নেল ছিল বলে আমার জানা নেই। গুষ্ঠির গোড়া পত্তন থেকে শুরু করে আজ অবধি কেউ একজন  কর্নেল থাকলে তাও নিজের নাম কর্নেল হিসেবে মেনে নেওয়া যেতো। যা-ই হোক নাম নিয়ে এখন আর কিছু করার নেই সবাই জেনে গেছে আমার নাম কর্নেল এটা কোনো সেনাবাহিনী বা নৌবাহিনীর  কর্নেল নয়। কিন্তু স্কুলে ফার্স্ট বয় হওয়ার কারণে হয়েছে এক মুশকিল। স্কুলে ছোট বড় সবাই আমাকে চেনে। উপর ক্লাসের বড় ভাইয়েরা আমাকে দেখলেই কর্নেল ভাই কর্নেল ভাই বলে নেচে ওঠে। তাদের ভাব দেখে মনে হয় তারা আমার নিচের ক্লাসের বাচ্চা পোলাপান। আরে ভাই কর্নেল কারো নাম হতে পারে না? সেদিন বুধবারের কথা, আমাদের অংক স্যার মানে মন্টু স্যার, খুব হাসিখুশি আর উদার মেজাজের লোক। আমাকে খুব ভালোবাসেন। স্যার আমাকে ডাকলেন- কর্নেল এদিকে আয় তো বাবা। স্যারের এমন মধুমাখা ডাক শুনেও ক্লাসের সকল ছাত্রছাত্রী হো হো করে হেসে উঠলো। রাগে আমার দাঁত খিটমিট করতে লাগলো। হাসার কী আছে, একদিন তো আমি  কর্নেলও হতে পারি। যা-ই হোক সমস্ত রাগ দমিয়ে ব্লাকবোর্ডে গিয়ে স্যারের দেওয়া অংক সবাইকে বুঝিয়ে দিলাম। স্যার ভীষণ খুশি হলেন আমার প্রতি এবং আমাকে বললেন কর্নেল তুই একদিন সত্যিই কর্নেল হবি। ক্লাস শেষে যাওয়ার সময় মন্টু স্যার আমাদের সবাইকে লক্ষ্য করে একটা কথা বললেন, শোনো আমার ছাত্রছাত্রীরা তোমাদের একটা কথা বলি, মানুষের নাম খ্যাতি আর চেহারাতে কখনোই কিছু হয় না  কিছু করতে প্রথমে দরকার মেধা যেটা কর্নেলের মধ্যে আছে। কর্নেল ও শুধু নামে কর্নেল নয়, কাজেও কর্নেল। তার বড় উদাহরণ ও তোমাদের ক্লাসে সকল সাবজেক্টে ফার্স্ট বয়।

No comments:

Post a Comment

no spam

 

Copyright © 2016 - | World Books Collect | All Right Reserved| Design by MAS web| Mumbai, India| e-mail:- contact@masexim.in